যুক্তরাজ্যের মানুষের খাদ্যাভ্যাসের বড় অংশজুড়ে রয়েছে শশা, টমেটো, বেগুন, বিভিন্ন ধরনের মরিচের মতো সবজি। সম্প্রতি দেশটির বাজারে এসব পণ্যের সংকট দেখা দিয়েছে। বড় বড় সুপারমার্কেটগুলোয় মিলছে না প্রয়োজনীয় কিছু ফল-সবজি। এমনকি আগামী মে পর্যন্ত এসব পণ্যের সরবরাহ স্বাভাবিক হবে না বলেও জানা গেছে। দেশটির চাষীদের সবচেয়ে বড় সংগঠনের দাবি জ্বালানি সংকট ও যথাযথ পরিকল্পনার অভাবে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শীর্ষ রফতানিকারক দেশে উৎপাদন কম হওয়াই এ সংকটের কারণ। খবর সিএনএন বিজনেস।

ব্রিটেনের সবচেয়ে বড় খাদ্য উৎপাদকদের সংগঠন দ্য লিয়া ভ্যালি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন (এলভিজিএ) জানিয়েছে, সবশেষ মৌসুমে যুক্তরাজ্যের চাষীরা টমেটো, মরিচ, বেগুনের মতো সবজি সময়মতো চাষ করতে পারেননি। অন্য সময় বছরের এ সময়েই এসব সবজি উত্তোলন করা হয়। কিন্তু জ্বালানির উচ্চমূল্যের কারণে এ বছর দেরিতে ফসল রোপণ হয়েছে। গত ডিসেম্বরের বদলে সম্প্রতি এসব ফসল রোপণ করেছে। যে কারণে বাজারে বা ক্রেতার হাতে এসব পৌঁছতে আরো সময় লাগবে। 

এলভিজিএর সম্পাদক লি স্টিলস বলেন, ‘‌খাদ্য উৎপাদনের জন্য আগে থেকে পরিকল্পনা করতে হয়। খাদ্য তো কারখানায় উৎপাদিত হয় না যে আপনি চাইলেই এটির উৎপাদন শুরু বা শেষ করা যাবে।’

যুক্তরাজ্যের দক্ষিণপূর্ব অঞ্চলে সবচেয়ে বেশি ফসল ও শস্য উৎপাদিত হয়। এ অঞ্চলের ৮০ শতাংশ চাষী এলজিভিএর সদস্য। এর সদস্যরাই দেশের এক তৃতীয়াংশ শশা ও মিষ্টি আলু উৎপাদন করেন। এক পঞ্চমাংশ বেগুনও আসে এ অঞ্চল থেকে। 

যুক্তরাজ্যের চারটি বড় সুপারমার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে, টমেটো, মরিচ ও শশার মতো খাদ্যপণ্য কেনার ক্ষেত্রে সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে। যেন কেউ একবারে অনেক পণ্য কিনতে না পারেন, যাতে অন্য কেউ বঞ্চিত না হয়। এর মধ্যে দেশটির সবচেয়ে বড় সুপারমার্কেট চেইন টেসকো এসব পণ্য কেনার ক্ষেত্রে নিয়ম চালু করেছে। ক্রেতাপ্রতি তিনটির বেশি প্যাকেট কেউ কিনতে পারবেন না। 

তবে সরকারের একটি সূত্র বলছে, যুক্তরাজ্য এসব খাদ্যপণ্য আমদানির জন্য নির্ভর করে স্পেন ও মরক্কোর ওপর। খারাপ আবহাওয়ার কারণে এ দুটি দেশে কম ফলন হওয়ায় তার রেশ পড়েছে আমদানিতে। তবে কৃষক পর্যায় থেকে উচ্চ জ্বালানি মূল্য, ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য বাধাসহ বিভিন্ন সংকটের কথাও বলা হচ্ছে। অবশ্য এ বিষয়ে যুক্তরাজ্যের এনভায়রনমেন্ট, ফুড অ্যান্ড রুরাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।