চলতি বছরের এপ্রিলে জাপানের পারিবারিক ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ কমেছে। এ নিয়ে টানা দুই মাসের মতো পারিবারিক ব্যয় কমেছে দেশটিতে। রাশিয়া-ইউক্রেন সংঘাতের জের ধরে বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির মূল্য বাড়ে। এ ব্যয়ভার বহন করতে হিমশিম খাচ্ছে জাপানের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার। খবর কিয়োদো নিউজ।
এ বিষয়ে জাপানের অভ্যন্তরীণ ও যোগাযোগ মন্ত্রণালয় জানায়, এ বছরের এপ্রিলে জাপানি পরিবারের গড় ব্যয় দাঁড়িয়েছে ৩ লাখ ৪ হাজার ৫১০ ইয়েন (২ হাজার ৩০০ ডলার)। ওই মাসে পারিবারিক ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ কম। তবে মার্চের তুলনায় ব্যয় ১ শতাংশ বেড়েছে। মার্চে এ হার ছিল ২ দশমিক ৩ শতাংশ।
এপ্রিলে জাপানের পারিবারগুলোয় খাদ্য ব্যয় কমেছে ২ দশমিক ১ শতাংশ। এ নিয়ে টানা তৃতীয় মাসের মতো জাপানি পরিবারের খাদ্য ব্যয় নিম্নমুখী রয়েছে। ভোক্তা চাহিদা কমায় দেশটিতে খাদ্য ব্যয় কমেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধারাবাহিকতায় অন্যান্য দেশের মতো জাপানেও গ্যাস ও খাদ্যের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।
এ বিষয়ে জাপানের অভ্যন্তরীণ সম্পর্ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দাম বাড়ার কারণেই ভোক্তা চাহিদায় অনাগ্রহ দেখা গিয়েছে। কভিড-১৯ মহামারীর প্রকোপ কিছুটা স্তিমিত হয়ে আসায় বিধিনিষেধ শিথিল হতে শুরু করে। এর পরও ঘরের বাইরে গিয়ে দোকান কিংবা রেস্তোরাঁয় খেতে অনাগ্রহ দেখা যায় ভোক্তাদের মধ্যে।
এছাড়া জাপানের পরিবহন ও যোগাযোগ ব্যয় ৮ দশমিক ১ শতাংশ কমেছে। এ নিয়ে টানা সাত মাসের মতো দেশটিতে পরিবহন ও যোগাযোগ ব্যয় কমেছে। মূলত গাড়ির যন্ত্রাংশের সরবরাহ সংকটের ফলে গাড়ি বিক্রি কমেছে দেশটিতে।
এদিকে এপ্রিলে জ্বালানি ও পানির বিলের ব্যয় বেড়েছে ২ দশমিক ৫ শতাংশ। এ নিয়ে টানা দুই মাসের মতো জাপানের জ্বালানি ও পানির বিল ঊর্ধ্বমুখী ছিল। অস্বাভাবিক শীতকালের কারণে বিদ্যুৎ বিল ও কেরোসিন ব্যয় বেড়েছে বলে জানিয়েছে জাপানের সংশ্লিষ্ট মন্ত্রণালয়। পাশাপাশি দেশীয় পর্যটন প্যাকেজসহ সাংস্কৃতিক ব্যয় ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে। গত দুই মাসে এ প্রথম দেশটিতে সাংস্কৃতিক ব্যয় ঊর্ধ্বমুখী ছিল। এছাড়া পোশাক ব্যয় বেড়েছে ৮ দশমিক ৭ শতাংশ।
এ বছরের এপ্রিলে জাপানি পরিবারের গড় আয় ৩ দশমিক ৫ শতাংশ কমে ৫ লাখ ৩৯ হাজার ৭৩৮ ইয়েনে দাঁড়িয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অর্ধেকেরও বেশি আসে পারিবারিক ব্যয় থেকে।










