পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির ভূমি ও ভূমি উন্নয়ন কার্যক্রম, ভবন ও নির্মাণ কার্যক্রম এবং কারখানা, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামের পুর্নমূল্যায়িত প্রতিবেদনে অনুমোদন দিয়েছে। পুর্নমূল্যায়নের পর কোম্পানিটির সম্পদের মূল্য বেড়েছে সাড়ে ৪৩ কেটি টাকা। এ মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেছে নিরীক্ষক প্রতিষ্ঠান সিরাজ খান বসাক অ্যান্ড কোম্পানি চার্টার্ড একাউন্ট্যান্টস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
তথ্য অনুসারে, পুর্নমূল্যায়নের আগে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির ভূমি ও ভূমি উন্নয়ন কার্যক্রম, ভবন ও নির্মাণ কার্যক্রম এবং কারখানা, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামের মূল্য ছিল ২ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকায়। যা পুর্নমূল্যায়নের পর দাঁড়িয়েছে ৪৫ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকায়। সে হিসাবে পুর্নমূল্যায়নের পর কোম্পানিটির সম্পদমূল্য বেড়েছে ৪৩ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে ভূমি ও ভূমি উন্নয়ন কার্যক্রমের মূল্য পুর্নমূল্যায়নের পর ৬ লাখ টাকা থেকে বেড়ে ৪২ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকায় দাঁড়িয়েছে। ভবন ও নির্মাণ কার্যক্রমের মূল্য ১০ হাজার টাকা থেকে বেড়ে ৪১ লাখ ৬০ হাজার টাকায় দাঁড়িয়েছে।
আর কারখানা, যন্ত্রপাতি এবং অন্যান্য সরঞ্জামের মূল্য ২ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকা থেকে বেড়ে ২ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকায় দাঁড়িয়েছে।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫০ পয়সা। আর দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৭ পয়সা।
এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৯ পয়সায়।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য উদ্যোক্তা-পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৬২ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ৯৮ পয়সা (পুনর্মূল্যায়িত)।
এর আগে ৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।তার আগের হিসাব বছরে ১০ শতাংশ নগদের পাশাপাশি ২০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ১৯৮২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু এগ্রোর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভ ৯৯ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে ৩৫ দশমিক ৬৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪ দশমিক ৮৭ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৯ দশমিক ৩৮ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে আজ মুন্নু এগ্রোর শেয়ারের সর্বশেষ দর ছিল ৫৩০ টাকায়। আর সমাপনী দর ছিল ৫২৭ টাকায়। গত এক বছরে শেয়ারটির দর ৪৪৭ টাকা ২০ পয়সা থেকে ৮২৫ টাকার মধ্যে ওঠানামা করেছে










