থাইল্যান্ডের মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী রয়েছে। ডিজেলে ভর্তুকি বন্ধ করে দেয়ায় বেড়ে গিয়েছে পরিবহন ব্যয়। ফলে জীবনযাত্রার ব্যয়ের ওপর অতিরিক্ত চাপ পড়েছে। এ পরিস্থিতি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ঝুঁকি তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর নিক্কেই এশিয়া।
গত ৩০ এপ্রিলের পর থেকে ডিজেলে ভর্তুকি দেয়া বন্ধ করেছে থাইল্যান্ড। এরপর পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় ইনস্ট্যান্ট নুডলস থেকে শুরু করে স্যানিটারি পণ্য ও নির্মাণসামগ্রী পর্যন্ত পণ্যের দাম বাড়াচ্ছে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ইনস্ট্যান্ট নুডলসের প্রস্তুতকারক থাই প্রেসিডেন্ট ফুডস বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধির কারণে খুচরা মূল্য ৬ বাত (১৭ সেন্ট) থেকে ৭ বাত পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে। ফেডারেশন অব থাই ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ক্রিয়াংক্রাই তিয়ানুকুল বলেন, জ্বালানি তেলের দাম যদি বাড়তে থাকে, তাহলে ভোক্তা পর্যায়ে পণ্যের দামও একই হারে বাড়বে। যদিও এ পরিস্থিতি অবশ্যই থাই অর্থনীতির প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে।
থাইল্যান্ডের বার্ষিক মূল্যস্ফীতি গত মার্চে ৫ দশমিক ৭৩ উচ্চতায় পৌঁছেছিল। এ হার গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। এপ্রিলে এ হার কিছুটা কমে ৪ দশমিক ৭১ শতাংশে দাঁড়িয়েছিল। তবে চলতি মাসে মূল্যস্ফীতি আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতি বাণিজ্য মন্ত্রণালয়ের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৪-৫ শতাংশে উন্নীত করতে প্ররোচিত করছে। এটি আগের পূর্বাভাস দশমিক ৭ থেকে ২ দশমিক ৩ শতাংশের অনেক উপরে।
বেসরকারি খাত ও বিশ্লেষকরা পণ্যের দাম বাড়ার পেছনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করেছেন। এ সংকটের কারণে বিশ্বজুড়ে ভোক্তা মূল্যস্ফীতিকে রেকর্ড উচ্চতায় ঠেলে দিয়েছে। ফলে চাপে পড়েছে থাই অর্থনীতিও।










