যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ বিষয়ক গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ জানিয়েছে, আদানি গ্রুপের অফশোর ফান্ডে অংশীদারত্ব ছিল ভারতের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (এসইবিআই) চেয়ারপারসন মাধবী পুরী বুচ ও তার স্বামী ধবল বুচের। খবর রয়টার্স।

অভিযোগ উঠতেই এক বিবৃতিতে বিষয়টিকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেন মাধবী পুরী বুচ। সঙ্গে জানান, পরে বিস্তারিত ব্যাখ্যা দেবেন তিনি।

পুঁজিবাজারের পাশাপাশি হিন্ডেনবার্গের নতুন প্রতিবেদন ফের ভারতীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনার জন্ম দিয়েছে। কারণ আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ট বলে পরিচিতি। এর আগেও এ নিয়ে সংসদে কয়েক দফা আলোচনা হয়েছে। এখন আদানিদের অর্থ পাচারে মাধবী পুরী বুচের সংশ্লিষ্টতা বিষয়ে বিরোধীরা সংসদীয় কমিটির মাধ্যমে তদন্তের দাবি তুলেছেন।

নতুন নথি অনুসারে, এমন একটি অফশোর তহবিলে বুচ দম্পতির অংশীদারিত্ব ছিল যেখানে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির ভাই বিনোদ আদানি বড় অংকের অর্থ বিনিয়োগ করেছিলেন। তবে বিষয়টি অস্বীকার করে আদানি গ্রুপ গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশে আদানি গ্রুপের উপস্থিতি পুরোপুরি স্বচ্ছ। এতে গোপন কোনো বিষয় নেই।