পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেডের শেয়ারদর সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২২ শতাংশেরও বেশি বেড়েছে। এ বৃদ্ধি নিয়ে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ছিল ৯ টাকা ৯০ পয়সা। সপ্তাহ শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ১০ পয়সায়। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ২২ দশমিক ২২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির মোট ৪৬ কোটি ৯১ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসেবে এ লেনদেন ছিল ৯ কোটি ৩৮ লাখ ২১ হাজার টাকা।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) অলিম্পিক অ্যাকসেসরিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩০ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৮০ পয়সা বা প্রায় ২৬৭ শতাংশ। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ২৭ পয়সায়।
২০১৯-২০ হিসাব বছর থেকে টানা লোকসানে রয়েছে অলিম্পিক অ্যাকসেসরিজ। ওই হিসাব বছরে কোম্পানিটির বিক্রি বাবদ আয় হয়েছে ৪০ কোটি ৩৪ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১১০ কোটি ৩৭ লাখ টাকা। ২০১৯-২০ হিসাব বছরে কোম্পানিটির বিভিন্ন খরচ শেষে কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৮ কোটি ৭৫ লাখ টাকা। আগের হিসাব বছরে নিট মুনাফা হয়েছিল ৯ কোটি ৬৬ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরের ধারাবাহিকতায় পরের বছর অর্থাৎ ২০২০-২১ হিসাব বছরেও লোকসান হয়েছে কোম্পানিটির। এ হিসাব বছরে কোম্পানিটির বিভিন্ন খরচ শেষে কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৫ কোটি ৬২ লাখ টাকা। আর সর্বশেষ ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৩ কোটি ১৭ লাখ টাকা। এ লোকসান আগের হিসাব বছরের তুলনায় ৪৩ দশমিক ৫২ শতাংশ কম।










