চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনে রাজস্ব আহরণ হয়েছে ১৭৫ কোটি ৪৫ লাখ টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে যা ৩১ কোটি ৬৩ লাখ টাকা বেশি। ভোমরা শুল্ক স্টেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

ভোমরা শুল্ক স্টেশনের তথ্য বলছে, চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন মাস পর্যন্ত ভোমরা বন্দরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২০৭ কোটি ৮ লাখ টাকা। আর ওই লক্ষ্য সামনে রেখে গেল তিন মাসে রাজস্ব আদায় হয়েছে ১৭৫ কোটি ৪৫ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি পড়েছে ৩১ কোটি ৬৩ লাখ টাকা। তবে ২০২০-২১ অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় ২০ কোটি ৪৪ লাখ টাকা বেশি রাজস্ব আহরণ হয়েছে।

ভোমরা শুল্ক স্টেশনের জ্যেষ্ঠ রাজস্ব কর্মকর্তা আকবার আলী জানান, ২০২০-২১ অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আহরণ হয়েছিল ১৫৫ কোটি ১ লাখ টাকা।

ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, বন্দরের সক্ষমতা বাড়লে রাজস্ব আহরণ আরো বাড়বে। তিনি বলেন, অনেক ভারী পণ্য এ বন্দর দিয়ে আনা যায় না। পণ্য লোড-আনলোডের জন্য বন্দরে ক্রেনসহ অন্যান্য যন্ত্রপাতি স্থাপন করা হলে তখন পণ্য আমদানি-রফতানি যেমন বেশি হবে, তেমনি সরকারের রাজস্ব আহরণও বেড়ে যাবে অনেকাংশে।

ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বে থাকা কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমীর মামুন বণিক বার্তাকে জানান, চলতি অর্থবছরের জুলাই-আগস্টে রাজস্ব ঘাটতি হয়েছে। তবে গত সেপ্টেম্বরে রাজস্ব আহরণ বেড়েছে। আগামীতে বন্দরের ব্যবসা-বাণিজ্য ভালো গেলে রাজস্ব আহরণ আরো বাড়বে বলে আশা করছেন তিনি।