‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপনের অংশ হিসেবে ফ্ল্যাগশিপ কর্মসূচি ‘গ্রাহক সেবা পক্ষ’ উপলক্ষে কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে সারাদেশের ৩৩টি অঞ্চলের ৩৩টি শাখায় একযোগে গণশুনানি ও অভিযোগ প্রতিকার বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা ঢাকার সাভার শাখায়, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন রাঙামাটির কাপ্তাই শাখায়, মো. শফিকুল ইসলাম মিঞা ময়মনসিংহের ফুলপুর শাখায়, মো. আমিরুল ইসলাম খুলনার ডুমুরিয়া শাখার কর্মষূচিতে উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মুহ. আকতার হোসেন প্রধান, এ. কে. এম. কামরুজ্জামান, মনোজ রায় ও মো. নজরুল ইসলাম যথাক্রমে হাতীবান্ধা, পঞ্চগড়, বাকেরগঞ্জ ও বারহাট্টা শাখায় অংশগ্রহণ করেন।

সাভার শাখায় অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান। বিভাগীয় কার্যালয়, ঢাকা–এর উপমহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় ঢাকা উত্তর আঞ্চলিক ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক কাজী লাইলুম মুনীরা, শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপস্থিত গ্রাহক ও অংশীজনদের মতামত, পরামর্শ ও অভিযোগ শোনেন। সেইসঙ্গে ব্যাংকের সেবা আরো উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তারা।

প্রধান অতিথি মেহের সুলতানা বলেন, গণশুনানি ও অভিযোগ প্রতিকার কার্যক্রমের মাধ্যমে ব্যাংক সরাসরি গ্রাহকদের মতামত ও অভিজ্ঞতা শুনে আরো দায়িত্বশীল ও কার্যকর সেবা দিতে সক্ষম হবে।

বিশেষ অতিথি মো. মশিউর রহমান বলেন, আমরা এমন সেবা দিতে চাই, যাতে প্রতিটি গ্রাহক স্বাচ্ছন্দ্যবোধ করেন। সভাপতির বক্তব্যে মো. ইকবাল হোসেন বলেন, গ্রাহকরা কেবল সেবাগ্রহীতা নন, তারা আমাদের উন্নয়নের অংশীদার। তাদের মতামত ও পরামর্শের মাধ্যমে সেবার ঘাটতি দূর করে আরও উন্নত সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়া মাঠপর্যায়ের সকল বিভাগীয় উপমহাব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকরা নিজ নিজ এলাকায় অনুষ্ঠিত গণশুনানি ও অভিযোগ প্রতিকার কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

-বিজ্ঞপ্তি