আন্তর্জাতিক বাজারে গতকাল স্বর্ণের দাম কমেছে। দাম কমার প্রধান কারণ ছিল ডলারের বিনিময় মূল্যবৃদ্ধি। এর আগে টানা দুদিন ধাতুটির বাজারদর নিম্নমুখী থাকার পর মঙ্গলবার কিছুটা বেড়েছিল। খবর রয়টার্স।

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গত বছরের দ্বিতীয়ার্ধ থেকে সুদহার বাড়াচ্ছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। আসন্ন বৈঠকে সংস্থাটি আবারো মুদ্রানীতি বা সুদহারে পরিবর্তন আনবে কিনা তার ওপর স্বর্ণের বাজার অনেকাংশে নির্ভর করছে। এ সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বিনিয়োগকারীরা।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৬ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৯৯৩ ডলার ৯৯ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) ধাতুটির ভবিষ্যৎ সরবরাহ চুক্তি মূল্য দশমিক ৮ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২ হাজার ৩ ডলার ৩০ সেন্টে।

ওভারসি চাইনিজ ব্যাংকিং করপোরেশনের বৈদেশিক মুদ্রা বিভাগের স্ট্রেটিজিস্ট ক্রিস্টোফার ওং বলেন, ‘‌নিকট ভবিষ্যতে স্বর্ণের বাজারদর আউন্সপ্রতি ১ হাজার ৯৮০ থেকে ২ হাজার ২০ ডলারের মধ্যে স্থিতিশীল থাকবে।’

তার মতে, চলতি সপ্তাহে অর্থনীতির নির্দেশক গুরুত্বপূর্ণ কোনো তথ্য প্রকাশ হয়নি। তার ওপর ব্যাপক উত্থান-পতনের মধ্যে ছিল বাজার। এ কারণে নিকট ভবিষ্যতে বিনিয়োগকারীরা সতর্কতার সঙ্গে যেকোনো পদক্ষেপ নেবেন।