পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি জুট স্পিনার্স লিমিটেডের শেয়ারদর ও লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়ছে। এর পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসইর চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, তিন মাস ধরেই বাড়ছে জুট স্পিনার্সের শেয়ারদর। এর মধ্যে ২২ মে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ছিল ১২৪ টাকা ৭০ পয়সা। যা সর্বশেষ গতকাল পর্যন্ত বেড়ে ২০৬ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। একই সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে।
সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) জুট স্পিনার্সের শেয়ারপ্রতি লোকসান কিছুটা কমেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩২ টাকা ৫০ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ৩৩ টাকা ৮৩ পয়সা।
এদিকে ২০২১-২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ)
কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১০ টাকা ৮৩ পয়সা, যা এর আগের হিসাব বছরের ছিল ১১ টাকা ৫১ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৪২৬ টাকা ৭ পয়সায়।










