ব্রাজিলের সবচেয়ে বড় খনিকারক ভ্যাল এসএর সঙ্গে ২৬০ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছে সৌদি আরব। জুলাইয়ের শেষ সপ্তাহে এ চুক্তি সই হয়। তারা কানাডা থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত কপার, নিকেল এবং অনান্য শিল্প ধাতুসহ বিশ্বকে ডিকার্বোনাইজেশন করতে সহায়ক সব গুরুত্বপূর্ণ উপাদান অনুসন্ধান ও উত্তোলনে সহায়তা করবে। এ থেকে সৌদি আরব ১০ শতাংশ লাভ পাবে। খবর আরব নিউজ।

চুক্তিটি ধাতু ও খনির বিনিয়োগের জগতে একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে এবং বিশ্বের কাছে সৌদিকে আরো গুরুত্বপূর্ণ করে তুলবে। ভ্যাল এসএর সঙ্গে চুক্তিটি এমন এক সময়ে হচ্ছে, যখন বিশ্বের সরকারগুলোর কাছে ডিকার্বোনাইজেশনের জন্য ক্ষতিকর পণ্যগুলো কারা নিয়ন্ত্রণ করছে, সে প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও টালমাটাল বাজার ব্যবস্থার সময় টেকসই বিশ্ব অর্থনীতি ও গ্রিন ইকোনমির দিকে মনোযোগ দেয়া হচ্ছে।

আরেকটি কারণ চীন। উত্তোলিত খনিজদ্রব্যের মূল্যমানের দিক থেকে দীর্ঘকাল ধরেই চীন বিশ্বের প্রভাবশালী খনিজ উত্তোলনকারী দেশ। পরিসংখ্যান অনুসারে, ২১ হাজার ৭০০ কোটি ডলারের ধাতব খনিজ ও কয়লা উৎপাদন করেছে দেশটি। তবু ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে খনি শিল্প অন্যান্য অনুঘটকদের দিকেও তাকিয়ে আছে।