পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া লিমিটেডের করপোরেট উদ্যোক্তা মোস্তফা স্টিল গ্যালভানাইজিং প্লান্ট লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। কোম্পানিটির কাছে ব্যাংকটির ৫ লাখ ৯৯ হাজার ৬৬৮টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে ৫ লাখ ৯০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ৩১ অক্টোবরের মধ্যে ঘোষিত শেয়ার বিদ্যমান বাজারদরে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) ব্লক মার্কেটে বিক্রি করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা। গত ৩০ জুন শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৮০ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৩ টাকা ৮৪ পয়সায়। 

সর্বশেষ রেটিং অনুসারে, ব্যাংক এশিয়ার সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ ওয়ান’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-ওয়ান’। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং প্রকাশের দিন পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। 

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংক এশিয়া। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৬২ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৪ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ৪১ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৩ টাকা ৩৩ পয়সায়। ডিএসইতে গত বৃহস্পতিবার ব্যাংক এশিয়ার শেয়ারের সর্বশেষ ও সমাপণী দর ছিল ২০ টাকা ২০ পয়সা।