ভারতে ৫১ কোটি ডলার বিনিয়োগ করবে দুবাইভিত্তিক পোর্ট জায়ান্ট ডিপি ওয়ার্ল্ড। গুজরাট রাজ্যের কান্ডলা বন্দরে একটি নতুন কনটেইনার টার্মিনাল তৈরি করতে এ অর্থ বিনিয়োগ করা হবে। সম্প্রতি এমনটাই জানিয়েছে কোম্পানিটির চেয়ারম্যান। খবর রয়টার্স।
দীনদয়াল বন্দর কর্তৃপক্ষ এবং ডিপি ওয়ার্ল্ডের কর্মকর্তাদের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর ডিপি ওয়ার্ল্ডের সিইও সুলতান আহমেদ বিন সুলায়েম বলেছেন, ‘এটি উত্তর, পশ্চিম ও মধ্য ভারতকে বৈশ্বিক বাজারের সঙ্গে সংযুক্ত করে বাণিজ্যিক সুযোগ বৃদ্ধি করবে।’
ভারত সরকার চলতি বছরের শুরুতে হিন্দুস্তান ইনফ্রালগ প্রাইভেট লিমিটেডের একটি পরিকল্পনা অনুমোদন করেছে। যার আওতায় ডিপি ওয়ার্ল্ড এবং রাষ্ট্রীয় মালিকানাধীন জাতীয় বিনিয়োগ ও অবকাঠামো তহবিলের মধ্যকার যৌথ উদ্যোগে বিল্ড-অপারেট-ট্রান্সফার (বিওটি) ভিত্তিতে টার্মিনালটি উন্নীত করা হবে।
ডিপি ওয়ার্ল্ড পৃথিবীর ৭৩টি দেশে কাজ করে। গত সপ্তাহে প্রথমার্ধের মুনাফা প্রায় ১০ শতাংশ হ্রাস পায়।










