দুবাইভিত্তিক আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস পাঁচ হাজার কেবিন ক্রু নিয়োগ দিতে যাচ্ছে। গ্রাহকের জন্য সর্বোত্তম পরিষেবা নিশ্চিতে এ উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি। খবর অ্যারাবিয়ান বিজনেস।
এছাড়া এয়ারলাইনসটিতে এয়ারবাস এ৩৫০এসের নতুন বহর যুক্ত হতে যাচ্ছে। চলতি সপ্তাহের নতুন এসব ঘোষণা বিমান সংস্থাটির সুনাম বজায় রাখতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
এমিরেটসের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন ঘোষণার অংশ হিসেবে এমন ব্যক্তিদের নিয়োগ দেয়া হবে যারা অপেক্ষাকৃত নতুন। ইন্টার্নশিপ বা খণ্ডকালীন চাকরির অভিজ্ঞতা রয়েছে, এমন নতুন স্নাতকদের পাশাপাশি হসপিটালিটি বা গ্রাহক পরিষেবা খাতে অন্তত এক বছরের অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদের প্রাধান্য দেয়া হবে।
সংস্থাটির সঙ্গে কাজ করার মাধ্যমে একজন ব্যক্তির বিশ্বভ্রমণ ও বিশ্বের অন্যতম আইকনিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ মিলবে। ৭৬টি দেশের ১৪০টিরও বেশি শহর ঘুরে দেখার সুযোগ পাবেন বাছাইকৃতরা। এছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাও পাবেন তারা।
কেবিন ক্রু হিসেবে নিয়োগের জন্য আবেদনের মানদণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে এমিরেটসের ক্যারিয়ার সাইটে। বাছাইকৃত আবেদনকারীদের শীর্ষস্থানীয় প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
বিশ্বজুড়ে সম্ভাব্য প্রার্থীদের কাছে আকৃষ্ট করতে চলতি বছর ছয়টি মহাদেশের ৪৬০টিরও বেশি শহরে ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। এসব ইভেন্ট থেকে আগ্রহীদের এমিরেটস সম্পর্কে নানা তথ্য দেয়া হবে।
কর্তৃপক্ষ বলছে, তাদের নিয়োগে বৈচিত্র্য থাকবে। কেননা বিষয়টির প্রতি তারা বরাবরই শ্রদ্ধাশীল।
তবে একই সঙ্গে আগ্রহী প্রার্থীদেরও দুবাইতে বসবাস ও কাজ করার মানসিকতা থাকতে হবে।
এমিরেটস সক্রিয়ভাবে তার বহর ও নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। এ৩৫০এস ও বোয়িং ৭৭৭-এক্সএস চালুর প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যভিত্তিক প্রতিষ্ঠানটি। তাদের বহরে নতুন যে মডেলের উড়োজাহাজগুলো যুক্ত হতে যাচ্ছে, সেগুলো হলো ৬৫এ৩৫০, ২০৫ ৭৭৭-৯এস ও ৭৭৭-৮এস। নতুন এ উড়োজাহাজগুলোর সংযোজন এমিরেটসের বৈশ্বিক প্রভাব আরো বাড়িয়ে তুলবে। পাশাপাশি বিমান সংস্থাটির রুটও আরো সম্প্রসারণ হবে।
নতুন নিয়োগ করা ক্রুদের আট সপ্তাহের বেশি সময় ধরে প্রশিক্ষণ দেয়া হবে। দুবাইয়ের এমিরেটস কার্যালয়ে অনুষ্ঠেয় এ প্রশিক্ষণের মাধ্যমে তাদের আতিথেয়তা, নিরাপত্তা ও পরিষেবার সর্বোচ্চ মান নিশ্চিতের বিষয়ে দক্ষ করে তোলা হবে। কার্যকর যোগাযোগ, উদ্যোগ, নেতৃত্ব ও বহু সংস্কৃতির মূল্যবোধের প্রতি সম্মান জানানোর বিষয়ে হাতেকলমে জানার সুযোগ পাবেন বাছাইকৃতরা।
এমিরেটসে কেবিন ক্রু হিসেবে কর্মরত রয়েছেন ১৪০টিরও বেশি দেশের প্রতিনিধিরা। ১৩০টি ভাষাভাষী ১ হাজার ১৮০ জন কেবিন ক্রু বর্তমানে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন।










