চিলিতে অক্টোবরে খনি থেকে তামা উত্তোলন কমেছে গত বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ। দেশটির স্ট্যাটিস্টিকস এজেন্সি আইএনই জানিয়েছে, এ সময় মোট উত্তোলন পৌঁছেছে ৪ লাখ ৫৮ হাজার ৪০৫ টনে। খবর রয়টার্স।

সংস্থাটি আরো জানায়, অক্টোবরে চিলির শিল্প উৎপাদন খাতের কার্যক্রম কমেছে দশমিক ৪ শতাংশ।

বিশ্বে অন্যতম শীর্ষ তামা উত্তোলনকারী দেশ চিলি। দেশটি বিশ্ববাজারে ধাতবপণ্যটি সরবরাহের অন্যতম প্রধান উৎস। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, চিলিতে উত্তোলন কমলে বৈশ্বিক সরবরাহ পরিস্থিতি এবং দামে প্রভাব পড়তে পারে।

এর আগে ইন্টারন্যাশনাল কপার স্টাডি গ্রুপের (আইসিএসজি) সেক্রেটারি জেনারেল পল হোয়াইট জানিয়েছেন, বিশ্বব্যাপী পরিশোধিত তামার উৎপাদন বৃদ্ধির হার আগামী বছর উল্লেখযোগ্য হারে কমতে পারে। হোয়াইট ওয়ার্ল্ড কপার কনফারেন্স, ২০২৫-এ দেয়া এক বক্তব্যে তিনি জানান, ২০২৬ সালে পরিশোধিত তামার উৎপাদন বৃদ্ধির হার হতে পারে দশমিক ৯ শতাংশ। এটি ২০২৫ সালের ৩ দশমিক ৪ শতাংশ বৃদ্ধির পূর্বাভাসের তুলনায় কম।