মাস্ক ব্যবহারের ওপর থেকে সম্প্রতি বাধ্যবাধকতা সরিয়ে নিয়েছে দক্ষিণ কোরিয়া। শিথিল করা হয়েছে গণপরিবহন, সাবওয়ে, বাস ও ট্যাক্সিতে চালু হওয়া মহামারীকালীন বিধিনিষেধ। তার পরও দেশটির নাগরিকরা মাস্ক পরা চালিয়ে যাচ্ছেন। বেড়েছে মাস্কের বিক্রি। দ্য কোরিয়া হেরাল্ড।
কোরিয়ার প্রথম সারির অনলাইন শপিং প্লাটফর্ম এসএসজি ডটকম। ২০-২৩ মার্চ সেখানে পূর্ববর্তী তিনদিনের তুলনায় মাস্ক বিক্রি বেড়েছে ৩০ শতাংশ। একই চিত্র দেখা যাচ্ছে অন্য দুটি প্লাটফর্ম টিমন ও ইউমেকপ্রাইসেও। প্লাটফর্ম দুটিতে মাস্ক বিক্রি বেড়েছে যথাক্রমে ২০ শতাংশ ও ৮ দশমিক ৯১ শতাংশ।
বিশ্লেষকদের দাবি, নতুন করে প্রাদুর্ভাবের সতর্কতা থেকে নাগরিকরা মাস্ক পরেছেন। ধুলা থেকে বাড়তি সতর্কতা হিসেবে কিংবা দীর্ঘদিনের অভ্যাস থেকেও অনেকে ত্যাগ করছেন না। মাস্ক পরা ব্যক্তিদের নিয়ে জরিপে দেখা গেছে, ৭০ শতাংশ মানুষই মাস্ক পরার অভ্যাস চালিয়ে রাখবেন বলে জানিয়েছে।










