যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানি হেস করপোরেশনকে অধিগ্রহণ করতে সম্মত হয়েছে পেট্রোলিয়াম রিফাইনারিজ কোম্পানি শেভরন। ৫ হাজার ৩০০ কোটি ডলারের চুক্তিতে অধিগ্রহণ করা হচ্ছে কোম্পানিটি। এর আগে চলতি মাসের শুরুতে জ্বালানি তেল কোম্পানি পাইওনিয়ার ন্যাচারাল রিসোর্সকে ৬ হাজার কোটি ডলারে এক্সন মবিল অধিগ্রহণ করে। সে ঘটনার পর মার্কিন জ্বালানি তেলের বাজারে বড় কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম চুক্তি এটি। খবর রয়টার্স।
প্রস্তাবিত চুক্তিটির মাধ্যমে এক্সন মবিলের সঙ্গে দ্বিতীয় মার্কিন তেল ও গ্যাস উৎপাদক শেভরনের মধ্যে প্রতিযোগিতা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চুক্তিটি জীবাশ্ম জ্বালানিতে শেভরনের বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনারও ইঙ্গিত দেয়। শেভরনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল উইর্থ বলেন, ‘জ্বালানি নিরাপত্তার জন্য চুক্তিটি গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের দুটি বৃহৎ কোম্পানি একত্রিত হলো।’
সাম্প্রতিক বছরগুলোয় গায়ানা শীর্ষ জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর একটি হয়ে উঠেছে। দেশটিতে চলতি বছরেই দৈনিক উৎপাদিত তেলের পরিমাণ ৩ লাখ ৯০ হাজার ব্যারেলে উত্তীর্ণ হবে। ২০২৭ সালের মধ্যে দৈনিক উৎপাদন দাঁড়াবে ১০ লাখ ব্যারেলের বেশি। জ্বালানি তেল ও গ্যাস উত্তোলনকারী মার্কিন প্রতিষ্ঠান এক্সন মবিলের নেতৃত্বে কাজ শুরু করেছে দেশটির নব আবিষ্কৃত স্ট্যাবরক ব্লক। এক্সন মবিলের দাবি অনুযায়ী, সেখানে ১ হাজার ১০০ কোটি ব্যারেল জ্বালানি তেল মজুদ রয়েছে। এক্সন, হেস এবং চীনের সিএনওওসি দেশটিতে জ্বালানি তেল উৎপাদনকারী হিসেবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
এ অধিগ্রহণের মধ্য দিয়ে লাতিন আমেরিকার দেশটিতে বিস্তৃত হবে শেভরনের কার্যক্রম।










