প্রত্যাশার চেয়ে মন্থর গতিতে এগোচ্ছে থাইল্যান্ডের অর্থনীতি। রফতানিতে মন্দা ও রাজনৈতিক অচলাবস্থার মুখে প্রবৃদ্ধি ধরে রাখতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক আর্থিক কঠোরতা শিথিল করার পরও আশানুরূপ ফল আসেনি। খবর ইয়াহু ফাইন্যান্স।
ন্যাশনাল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কাউন্সিল সম্প্রতি জানিয়েছে, জুন থেকে তিন মাসে মোট দেশজ উৎপাদন গত বছরের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এ পরিসংখ্যান ব্লুমবার্গের সমীক্ষায় ৩ শতাংশ প্রাথমিক পূর্বাভাস এবং পরবর্তী সময়ে প্রথম প্রান্তিকে সংশোধিত ২ দশমিক ৬ শতাংশ পূর্বাভাস থেকে যথেষ্ট কম। ১ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির মাঝারি অনুমানের বিপরীতে অর্থনীতি প্রান্তিকওয়ারি দশমিক ২ শতাংশ সম্প্রসারণ হয়েছে।
যদিও থাই মুদ্রা বাথ; ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে। বাথের মান দশমিক ৪ শতাংশের মতো বাড়লেও মূল স্টক সূচকটি লাভ-ক্ষতির নিক্তিতে এখনো দোদুল্যমান। ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের দাম টানা ছয়দিনে বেড়ে ২ দশমিক ৭১৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত বছরের ৩০ নভেম্বরের পর সর্বোচ্চ। তবে চলমান মন্থর দশার কারণে ব্যাংক অব থাইল্যান্ড পর্যটন খাতের গতি ধরে রাখতে তার আর্থিক নীতি কঠোরকরণ থেকে পিছু হটতে পারে। এনইএসডিসির সেক্রেটারি জেনারেল দানুচা পিচায়ানান বলেছেন, ‘রাজনৈতিক কর্মকাণ্ড অর্থনীতিকে প্রভাবিত করছে। কাউন্সিল তার বার্ষিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ শতাংশ থেকে ২ দশমিক ৫ শতাংশে নামিয়ে এনেছে।










