চলতি বছরের সেপ্টেম্বরে রাশিয়ায় খুচরা বিক্রি বেড়েছে। উচ্চ মজুরি ও নিম্নবেকারত্বের কারণে দেশটিতে ভোক্তা চাহিদা ক্রমাগত বাড়ছে। ফলে ইতিবাচক প্রভাব পড়েছে খুচরা বাণিজ্যে। রাশিয়ার ট্যাক্স পরিষেবা ও পরিসংখ্যান সংস্থা রোস স্ট্যাটের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর আরটি।

পরিসংখ্যানে দেখানো হয়েছে, রাশিয়ান পরিবারগুলো চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) তাদের আয়ের ৮১ দশমিক ৯ শতাংশ পণ্য ও পরিষেবা খাতে ব্যয় করেছে, যা এক বছর আগে ছিল ৭৯ শতাংশ।

গত সেপ্টেম্বরে দেশটির খুচরা বাণিজ্যে বার্ষিক লেনদেন বেড়েছে ১২ দশমিক ২ শতাংশ। লেনেদেনের আর্থিক পরিমাণ ৪ হাজার ৪০০ কোটি ডলারের বেশি, যা ব্যবসায়ীদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।

এর আগে অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছিলেন, রাশিয়ার খুচরা বাণিজ্য ২০২২ সালে ৬ শতাংশ হ্রাসের পর ২০২৩ সালে ৫ দশমিক ২ শতাংশ বাড়বে। তবে বছরের শেষ নাগাদ ক্রমবর্ধমান আমানত ও ঋণের সুদহারের কারণে ভোক্তাদের ব্যয় কিছুটা কমতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

রোস স্ট্যাটের তথ্যানুসারে, ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে রুশ নাগরিকদের প্রকৃত নগদ আয় ৪ দশমিক ৯ শতাংশ বেড়েছে। আর বাধ্যতামূলক অর্থপ্রদান ছাড়া প্রকৃত নিষ্পত্তিযোগ্য আয় বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ। একই সময় দেশটিতে বেকারত্ব কমে রেকর্ড ৩ শতাংশের নিচে নেমেছে। যদিও শ্রমবাজারের প্রতিবেদন বলছে, রাশিয়ায় এখনো শ্রমিকের ঘাটতি রয়েছে।