প্রকাশিত হয়েছে ইউএস অ্যানার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) প্রাকৃতিক গ্যাস-২০১৮ বার্ষিক প্রতিবেদন। এতে উঠে এসেছে গত বছর যুক্তরাষ্ট্র জ্বালানি পণ্যটির উত্তোলন, ব্যবহার ও রফতানি সব খাতেই নতুন রেকর্ড করেছে।
ইআইএর তথ্য অনুযায়ী, ২০১৮ সালে দেশটি ১২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে দৈনিক গড়ে ৮ হাজার ৩৮০ কোটি ঘনফুট ড্রাই প্রাকৃতিক গ্যাস উত্তোলন করেছে। শতাংশ হিসাবে যা ১৯৫১ সালের পর সর্বোচ্চ ও পরিমাণে প্রতিষ্ঠানটি কর্তৃক গচ্ছিত সর্বোচ্চ রেকর্ড। ইআইএ ১৯৩০ সাল থেকে এ সম্পর্কিত রেকর্ড রাখতে শুরু করে।
২০১৮ সালে দেশটির সর্বোচ্চ প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী রাজ্য হয়েছে টেক্সাস। এ অঞ্চলের কূপগুলো থেকে দৈনিক গড়ে ১ হাজার ৮৭০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাস ও পূর্ব নিউ মেক্সিকোয় অবস্থিত পার্মিয়ান বেসিনে ক্রমাগত নতুন নতুন কূপ খননের ফলে এ অঞ্চল থেকে রেকর্ড গ্যাস উত্তোলন সম্ভব হয়েছে।
একই সময়ে দেশটিতে জ্বালানি পণ্যটির ব্যবহার বেড়েছে ১১ শতাংশ। মূলত দেশটির বৈদ্যুতিক শক্তি খাতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বৃদ্ধি এর পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে। এছাড়া গৃহস্থালি খাতেও জ্বালানিটির ব্যবহার রেকর্ড বেড়েছে। শীতকালে তুলনামূলক বেশি ঠাণ্ডা পড়ায় হোম হিটিং জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বেড়েছে। এদিকে গ্রীষ্মকালে তাপমাত্রা রেকর্ড বেড়ে যাওয়ায় দেশটিতে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের চাহিদা বেড়েছে। ফলে গৃহস্থালি খাতে বাড়ছে বিদ্যুতের চাহিদা। আর বিদ্যুৎ খাতের জ্বালানি হিসেবে বাড়ছে প্রাকৃতিক গ্যাসের চাহিদা।
এদিকে এ সময়ে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্যটির মোট রফতানি ১৪ শতাংশ বেড়ে দৈনিক গড়ে ১ হাজার কোটি ঘনফুটে উন্নীত হয়েছে। ২০১৭ সালে রফতানি হয়েছিল দৈনিক গড়ে ৮৬০ কোটি ঘনফুট। বিশ্বজুড়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা বৃদ্ধি যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্যটির রফতানি বৃদ্ধিতে বাড়তি সুযোগ তৈরি করেছে। সূত্র: ইআইএ ও সিনহুয়া









