আগে থেকেই সরু বডি উড়োজাহাজের চাহিদা ঊর্ধ্বমুখী ছিল। এ চাহিদা মেটাতে কাজ করছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। সম্প্রতি নতুন করে ওয়াইডবডি উড়োজাহাজের চাহিদাও ঊর্ধ্বমুখী। বোয়িংয়ের বাণিজ্যিক উড়োজাহাজ বিভাগের প্রধান কর্মকর্তা স্ট্যান ডিল এ তথ্য প্রকাশ করেছেন। খবর রয়টার্স।

স্ট্যান ডিল বলেন, এখনো উড়োজাহাজ পরিবহন খাতে বেশকিছু প্রতিবন্ধকতা রয়েছে। এর মধ্যে রয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক মূল্যস্ফীতির হারের ঊর্ধ্বমুখিতা। তবে এ সত্ত্বেও কভিডের প্রকোপ কমায় খাতটির পুনরুদ্ধার অব্যাহত রয়েছে। হুট করেই শ্লথগতি থেকে দ্রুত প্রবৃদ্ধির দিকে ঝুঁকেছি আমরা। বর্তমানে আমরা ওয়াইডবডি উড়োজাহাজের বেশি চাহিদা দেখছি। চাহিদা শুরু হয় যুক্তরাষ্ট্রের বাজারে। পরবর্তী সময়ে তা মধ্যপ্রাচ্য, এমনকি ইউরোপেও দেখা দেয়।

এদিকে সরবরাহ ব্যবস্থা সুরক্ষা করাকে উড়োজাহাজ শিল্প খাতের পরবর্তী প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন স্ট্যান ডিল। তিনি বলেন, সরবরাহ ব্যবস্থার পুনরুদ্ধার কঠিন কাজ হবে। তবে এটি সময়ের ব্যাপার মাত্র।