মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক এএসএম ফিরোজ আলম ব্যাংকটির ২ লাখ ১০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ৩১ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ শেয়ার কিনবেন তিনি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ২ টাকা ১৮ পয়সা। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সমন্বিত ইপিএস হয়েছে ৭০ পয়সা, আগের বছরের একই সময় যা ছিল ১ টাকা ৩৬ পয়সা। আলোচ্য হিসাব বছরের প্রথমার্ধে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ৩ টাকা ২৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৮ টাকা ১৮ পয়সা। ৩০ জুন শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৪৩ পয়সায়, গত বছরের ৩১ ডিসেম্বর শেষে যা ছিল ২৩ টাকা ৭১ পয়সা।
২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১০৬ কোটি ৫৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৪৫৫ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১০ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার ৪৩৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৪ দশমিক ৩১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ২৭, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ৯৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬ দশমিক শূন্য ৪৩ শতাংশ শেয়ার রয়েছে।










