পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড নিজ গ্রুপের তিনটি কোম্পানিকে একীভূত করতে চায়। এ লক্ষ্যে কোম্পানিটি পর্ষদ সভা আহ্বান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, দেশবন্ধু সুগার মিলস, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ ও দেশবন্ধু প্যাকেজিং লিমিটেডের একীভূত হওয়ার বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ে পর্ষদ সভাটি ১৬ অক্টোবর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর শেয়ার অধিগ্রহণের মাধ্যমে একীভূত হবে দেশবন্ধু পলিমার।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে দেশবন্ধু পলিমার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২০ পয়সায়। 

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য উদ্যোক্তা পরিচালক বাদে শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে দেশবন্ধু পলিমার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৭ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ২০ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৮ টাকা ২১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৭ পয়সা।

সর্বশেষ ক্রেডিট রেটিং অনুসারে, কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।

দেশবন্ধু পলিমার লিমিটেড ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ৬১ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫০ কোটি ৩৭ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ৬ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ১৫০। এর মধ্যে ৩৩ দশমিক ৫৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক ৬৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৪ দশমিক ৮২ শতাংশ শেয়ার রয়েছে।