সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছর ও চলতি হিসাব বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক ব্যবসায়িকভাবে ভালো যায়নি পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানিগুলোর। এ সময়ে অধিকাংশ কোম্পানির নিট মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে কমে গিয়েছে। মূলত বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে ব্যয় বাড়ায় কোম্পানিগুলোর মুনাফা কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানির সংখ্যা পাঁচটি। কোম্পানিগুলো হলো ফু-ওয়াং সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড, শাইনপুকুর সিরামিকস লিমিটেড ও স্ট্যান্ডার্ড সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে কেবল শাইনপুকুর সিরামিকসের মুনাফা সর্বশেষ হিসাব বছর ও চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে বেড়েছে।
সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে ফু-ওয়াং সিরামিকসের কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ৩২ শতাংশের বেশি। আলোচ্য বছরে কোম্পানিটির এ মুনাফা হয়েছে ৩ কোটি ১৫ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ কোটি ৬৪ লাখ টাকা। মুনাফা কমলেও সর্বশেষ হিসাব বছরে আগের বছরের মতো ২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি। কোম্পানিটির চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি।
সর্বশেষ হিসাব বছরে মুন্নু সিরামিকসের কর-পরবর্তী নিট মুনাফা বাড়লেও উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কমেছে। ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৪ দশমিক ৭৯ শতাংশ। মুনাফা বাড়লেও সর্বশেষ হিসাব বছরে এর আগের হিসাব বছরের মতো ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। তবে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এ মুনাফা কমেছে প্রায় ৮০ শতাংশ। আলোচ্য প্রান্তিকে মুন্নু সিরামিকসের নিট মুনাফা হয়েছে ১৬ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৯ লাখ টাকা।
তালিকাভুক্ত একমাত্র বহুজাতিক সিরামিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের হিসাব বছর গণনা করা হয় জানুয়ারি-ডিসেম্বর সময়ে। সর্বশেষ ২০২১ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বাড়লেও চলতি ২০২২ হিসাব বছরের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে উল্লেখযোগ্য হারে কমেছে। এর মধ্যে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৩৬ দশমিক ৯০ শতাংশ। আলোচ্য প্রান্তিকে নিট মুনাফা হয়েছে ১২ কোটি ৩১ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা ছিল ১৯ কোটি ৫১ লাখ টাকা। আর তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কেম্পানিটির নিট মুনাফা কমেছে ১২ দশমিক ২৪ শতাংশ। চলতি বছরে তিন প্রান্তিকে এ মুনাফা হয়েছে ৫৫ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৩ কোটি ৭ লাখ টাকা। মূলত আলোচ্য সময়ে কোম্পানিটির উৎপাদন ব্যয় এবং কর ও অন্যান্য খরচ বৃদ্ধি পাওয়ায় নিট মুনফা কমেছে।
তালিকাভুক্ত একমাত্র সিরামিক কোম্পানি হিসেবে সর্বশেষ ২০২১-২২ হিসাব বছরে ও চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ভালো মুনাফা করেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। রফতানিতে প্রণোদনা পাওয়া এবং বিক্রি ও অন্যান্য আয় বৃদ্ধির কারণে কোম্পানিটির নিট মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফ হয়েছে ৫ কোটি ৭৯ লাখ টাকা। আগের হিসাব বছরে যা ছিল ৪ কোটি ৬৪ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২৪ দশমিক ৭৮ শতাংশ। সর্বশেষ হিসাব বছরের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি। এর আগের হিসাব বছরে আড়াই শতাংশ লভ্যাংশ পেয়েছিলেন শেয়ারহোল্ডাররা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ১ কোটি ৪৮ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা ছিল ২৭ লাখ টাকা।
সর্বশেষ ২০২১-২২ হিসাব বছরে স্ট্যান্ডার্ড সিরামিকসের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১ কোটি ৯৩ লাখ টাকা। আগের হিসাব বছরে যেখানে কোম্পানিটির নিট মুনাফা ছিল ১৫ লাখ টাকা। লোকসানের কারণে সর্বশেষ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানিটি।










