বিশ্বের অন্যতম শক্তিশালী খাত হিসেবে অবস্থান তৈরি করেছে মধ্যপ্রাচ্যের হোটেল ব্যবসা। রুম ভাড়া, রুমপ্রতি আয় ও দামের ভিত্তিতে বৈশ্বিকভাবে শীর্ষে রয়েছে খাতটি। হসপিটালিটি ডাটা অ্যানালিটিকস ফার্ম এসটিআর সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে। খবর দ্য ন্যাশনাল নিউজ।
এসটিআরের মধ্যপ্রাচ্য ও আফ্রিকার এরিয়া ডিরেক্টর ফিলিপ উলার জানান, আঞ্চলিক হোটেলের গড় রুমের ভাড়া বছরভিত্তিক ২০২৩ সালে ১৬০ ডলারে পৌঁছেছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের হোটেলের ভাড়া ১৪২ ডলার, ইউরোপীয় হোটেলের ভাড়া ১৪১ ডলার এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ভাড়া ৯০ ডলারে পৌঁছেছে।
সম্প্রতি এসটিয়ারের সঙ্গে অংশীদারত্বে দুবাইয়ে আউটলুক ইভেন্ট অনুষ্ঠিত হয়। সেখানে জানানো হয়, মধ্যপ্রাচ্যের ভ্রমণ ও পর্যটন কেন্দ্র দুবাইয়ে হোটেলগুলোর গড় রুমের ভাড়া আঞ্চলিক গড়কে ছাড়িয়ে ১৭১ ডলার এবং হোটল রুম ভাড়া হওয়ার পরিমাণ ৭৬ শতাংশে পৌঁছেছে। আবুধাবি হোটেল রুমের গড় ভাড়া ১৩০ ডলার এবং আগের বছরের তুলনায় ২০২৩ সালে রুম ভাড়া নেয়ার পরিমাণ ৭০ শতাংশে পৌঁছেছে।
লন্ডনভিত্তিক এসটিআরের তথ্যানুসারে, জেদ্দায় হোটেলগুলোর গড় রুম ভাড়া রেকর্ড ২২০ ডলারে পৌঁছেছে, যা এ অঞ্চলে শীর্ষস্থানে। উলার আরো বলেন, ‘মধ্যপ্রাচ্য এমন স্থানে পৌঁছেছে যে আপনি যুক্তি দিতে পারবেন বিশ্বের সবচেয়ে বড় হসপিটালিটি খাত এটি।’
আর্থিক প্রতিষ্ঠান এইচএসবিসির আগস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমাগত বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের পর্যটন খাত মহামারীর পর নিজেদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্থানে নিয়ে গেছে। ব্যাংক জানায়, বৃহত্তম আরব অর্থনীতি সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বৈশ্বিক অবসর ও বাণিজ্যিক কেন্দ্রের আবাসস্থল এটি। অঞ্চলটি ২০২৩ সালের প্রথম প্রান্তিকে পর্যটকদের আগমনের দিক থেকে নতুন রেকর্ড করছে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে মধ্যপ্রাচ্যে পর্যটক আগমনের সংখ্যা ২০১৯ সালের তুলনায় ১৫ শতাংশ বেড়েছে। এইচএসবিসি জানায়, মোট দেশজ উৎপাদনের ৫ শতাংশ মধ্যপ্রাচ্যে বিশ্বব্যাপী পর্যটন থেকে আসে, যা মোট দেশজ উৎপাদনের সর্বোচ্চ অংশীদারত্ব। এসটিআরের অ্যানালিটিকস ম্যানেজার কেলসি ফেনার্টির জানায়, দুবাইয়ের হোটেলগুলোর রুমপ্রতি আয় ২০২৩ সালে ১ দশমিক ৩ শতাংশ বাড়ার পূর্ভাবাস দেয়া হয়েছে।
এ প্রবৃদ্ধি মূলত দখলের ওপর ভিত্তি করে নির্ণয় করা হয়। আশা করা হচ্ছে, এটি চলতি বছরে তার দীর্ঘমেয়াদি গড় আয়ে ফিরে আসবে। যদিও ২০২২ সালের তুলনায় এ বছর গড় দৈনিক আয় (এডিআর) কমেছে। চলতি বছরের প্রথমার্ধে সংযুক্ত আরব আমিরাতের হসপিটালিটি ও পর্যটন খাতে রেকর্ড পরমিাণ প্রবৃদ্ধি করেছে। চলতি বছরে দুবাইয়ে আন্তর্জাতিক দর্শনার্থীদের সংখ্যা মহামারীপূর্ব পর্যায়কে ছাড়িয়ে গেছে।
দুবাই মিডিয়া অফিস আগস্টে দুবাইয়ের অর্থনীতি ও পর্যটন বিভাগের (ডিইটি) সর্বশেষ তথ্যের বরাত দিয়ে জানায়, দুবাইয়ে আন্তর্জাতিক পরিদর্শন জানুয়ারি থেকে জুন সময়ের মধ্যে বার্ষিক ২০ শতাংশ বেড়েছে।










