দেশের পুঁজিবাজারে আগামী রোববার থেকে প্রি-ওপেনিং সেশন বাতিল করা হচ্ছে। এর ফলে লেনদেন শুরুর আগেই এতদিন বিনিয়োগকারীরা শেয়ার কেনাবেচার জন্য কার্যাদেশ দেয়ার যে সুবিধা ভোগ করে আসছিলেন সেটি আর থাকছে না। পুঁজিবাজারের সাম্প্রতিক দরপতনের পরিপ্রেক্ষিতে সাময়িক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশন সূত্রে জানা গেছে, প্রি-ওপেনিং সেশন বাতিলের বিষয়ে গতকাল বিএসইসির পক্ষ থেকে একটি আদেশ জারি করা হয়েছে। এরই মধ্যে আদেশটি দেশের দুই স্টক এক্সচেঞ্জের কাছে পাঠানো হয়েছে। প্রি-ওপেনিং সেশন বাতিলের কারণ হিসেবে কমিশন বলছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং ইঞ্জিন লেনদেনের শুরুতে অনেক বেশি কার্যাদেশের চাপ নিতে না পারার কারণে প্রি ওপেনিং সেশন চালু করা হয়েছিল। এরই মধ্যে ডিএসইর ট্রেডিং ইঞ্জিনের সক্ষমতা বাড়ানো হয়েছে। তাই সক্ষমতা বাড়ার বিষয়টি যাচাই করে দেখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে প্রি ওপেনিং সেশন চলাকালীন অনেক বেশি শেয়ার কেনাবেচার কার্যাদেশ দেয়া হচ্ছে। যদিও পরবর্তী সময়ে এসব কার্যাদেশ বাতিল কিংবা পরিবর্তন হয়ে যাচ্ছে। এতে লেনদেনের শুরুতেই পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এটিও প্রি-ওপেনিং সেশন বাতিলের আরেকটি কারণ।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, বর্তমানে পুঁজিবাজারে লেনদেন কিছুটা কম হচ্ছে। এ অবস্থায় ডিএসইর ট্রেডিং ইঞ্জিনের সক্ষমতা কতটুকু বেড়েছে সেটি যাচাই করা প্রয়োজন। তাছাড়া সাম্প্রতিক সময়ে লেনদেন শুরুর আগেই প্রি-ওপেনিং সেশনে অনেক বেশি শেয়ার বিক্রির কার্যাদেশ দেয়া হচ্ছে। যদিও লেনদেন শুরুর পর এসব কার্যাদেশের অনেকই প্রত্যাহার কিংবা পরিবর্তন করা হচ্ছে। এতে লেনদেনের শুরুতেই বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এসব কারণেই সাময়িকভাবে প্রি-ওপেনিং সেশন বাতিল করা হচ্ছে।

বর্তমানে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন হয়। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন। আর বেলা আড়াইটা থেকে ২ টাকা ৪৫ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন।

পুঁজিবাজার পরিস্থিতি: দেশের পুঁজিবাজারে টানা দরপতন চলছেই। চলতি সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। এদিন ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৮২ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক গড় লেনদেনের পরিমাণও কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে শুরু করে সূচক। মাঝে কয়েকবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত দিনশেষে ৫২ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। এর আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৩১০ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকো লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বিএটিবিসি, রেনাটা লিমিটেড ও বিএসআরএম লিমিটেডের শেয়ারের।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ২০ পয়েন্ট কমে ২ হাজার ৩১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিনশেষে যা ছিল ২ হাজার ৩৩৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে ৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৩ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন শেষে যা ছিল ১ হাজার ৩৯১ পয়েন্টে।

ডিএসইতে গতকাল প্রায় ৬৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল প্রায় ৭৬৩ কোটি টাকা।