চলতি সপ্তাহে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) বেড়ে যেতে পারে তামার দাম। বাজারদর ওঠানামার গতিবিধি পর্যালোচনা করে বিশ্লেষকরা এমন ধারণা করছেন। খবর রয়টার্স।
গত ৮ জানুয়ারি এলএমইতে তামার দাম প্রতি টন ৮ হাজার ১৪৬ ডলারে উঠে যায়। সেখান থেকে বাজার সংশোধনের অংশ হিসেবে ২ ফেব্রুয়ারি ধাতুটির দাম টনপ্রতি ৭ হাজার ৭৫৫ ডলারে নেমে আসে। বিশ্লেষকরা বলছেন, দর ওঠানামার ধারা অনুযায়ী এখন তামার দাম বাড়ার কথা। চলতি সপ্তাহে এর দর টনপ্রতি ৮ ডলার ১৯ সেন্ট বেড়ে ৮ হাজার ৯৬ থেকে ৮ হাজার ২০০ ডলারের মধ্যে অবস্থান করতে পারে।
বিশ্লেষকরা বলছেন, চলতি সপ্তাহে তামার দর বাড়বে, এটা মোটামুটি নিশ্চিত। বাজারের ঊর্ধ্বমুখিতার ধারাই সেটা বলে দেয়। তবে এর ব্যত্যয় ঘটলেও ধাতুটির দর টনপ্রতি ৭ হাজার ৯০৮ ডলারের নিচে নামবে না।
চলতি বছরের শুরু থেকে দর বিশ্লেষণ করলে দেখা যায়, গত ৫ জানুয়ারি এলএমইতে কপারের দাম ছিল টনপ্রতি ৭ হাজার ৯১৪ ডলার। ৬ জানুয়ারি তা বেড়ে দাঁড়ায় ৮ হাজার ১২৯ ডলারে। ৮ জানুয়ারি ধাতুটির দর চলতি বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ ৮ হাজার ১৪৬ ডলারে উঠে গেলেও পরের সপ্তাহে তা কমে যায়। এর পরের সপ্তাহে এলএমইতে তামার দাম ফের ঊর্ধ্বমুখী থাকে। গত সপ্তাহের শেষ কার্যদিবস ৫ ফেব্রুয়ারি ধাতুটির দাম ছিল প্রতি টন ৭ হাজার ৯৩৬ ডলার।










