ফাস্ট ফুড স্যান্ডউইচ চেইন সাবওয়ে বেসরকারি ইকুইটি ফার্ম রোর্ক ক্যাপিটালের কাছে বিক্রি করেছে। এর মাধ্যমে পারিবারিক মালিকানাধীন ব্যবসা হিসেবে সাবওয়ের প্রায় ৬০ বছরের যাত্রার ইতি ঘটল। বিক্রির তাৎপর্য তুলে ধরে সাবওয়ে দাবি করেছে, রেস্তোরাঁ ও ফ্র্যাঞ্চাইজি ব্যবসায় রোর্ক ক্যাপিটালের দক্ষতা বিশ্বব্যাপী তাদের ব্র্যান্ড উপস্থিতিকে আরো শক্তিশালী করবে। রোর্ক ক্যাপিটাল আর্বি, আন্টি অ্যান, বাফেলো ওয়াইল্ড উইংস, কার্ভেল ও সোনিকসহ বিভিন্ন বড় রেস্তোরাঁ চেইনে বিনিয়োগের জন্য পরিচিত। যদিও চুক্তির সঠিক শর্তাদি এখনো প্রকাশ করা হয়নি, ওয়াল স্ট্রিট জার্নাল থেকে জানা যায়, প্রায় ৯৬০ কোটি ডলারের ক্রয়মূল্য সাবওয়ে বিক্রি করে। ২০২০ সালে ইন্সপায়ার ব্র্যান্ডসের ১ হাজার ১৩০ কোটি ডলারের অধিগ্রহণের পর ফাস্ট ফুড ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম অধিগ্রহণ এটি। বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও সাবওয়ে সাম্প্রতিক বছরগুলোয় ইতিবাচক বিক্রয় প্রবৃদ্ধি ও সম্পূর্ণ পুনর্গঠিত মেনুসহ বিক্রয়ে পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল। সিএনএন