ভারতে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে সামগ্রিক আমদানি কমেছে ৪ শতাংশ। তবে একই সময়ে চীন ও রাশিয়াসহ কিছু দেশ থেকে আমদানির পরিমাণ বেড়েছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।
ভারতে অর্থবছর শুরু হয় ১ এপ্রিল, শেষ হয় ৩১ মার্চ। সে অনুযায়ী গত এপ্রিল থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত দেশটির শীর্ষ ১০ গন্তব্যের সাতটিতে রফতানি বেড়েছে।
দেশগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও নেদারল্যান্ডস।
ভারত সরকারের বাণিজ্য বিভাগের তথ্যানুযায়ী, এসব দেশে দিল্লির রফতানি বেড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ।
ভারতের শীর্ষ ১০ আমদানি অংশীদারের মধ্যে রাশিয়া, সুইজারল্যান্ড, চীন ও দক্ষিণ কোরিয়া থেকে অন্তর্মুখী চালান গত নয় মাসে বেড়েছে। তবে একই সময়ে দেশের সামগ্রিক অন্তর্মুখী চালান আগের তুলনায় প্রায় ৪ শতাংশ কমেছে।
কাঁচামাল সরবরাহ কমে যাওয়ায় বাণিজ্য খাতে এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।










