দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবার লেনদেনের শুরুতেই অস্থিরতা দেখা দিয়েছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সকাল ১০টায় লেনদেন শুরুর পর কয়েক মিনিট পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল সূচক। এরপর থেকেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স। বেলা ১০টা ৫০ মিনিটের দিকে ঘুরে দাঁড়িয়ে ইতিবাচক অবস্থানে ছিল সূচকটি। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বেলা ১১টা পর্যন্ত সূচকটি আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট কমে ৬ হাজার ৪১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এদিন বেলা ১১টা পর্যন্ত ৬ পয়েন্ট কমে ২ হাজার ৩৬০ ও শরিয়াহ সূচক ডিএসইএস প্রায় ১ পয়েন্ট কমে ১ হাজার ৪০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
এক ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১৩৩টির আর অপরিবর্তিত ছিল ৬৬টি সিকিউরিটিজের বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে প্রায় ২৩৩ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।










