নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২০২৪ সালের সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিভাগে চারটি স্কুলে ভর্তির (আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম) জন্য প্রায় ৭ হাজার ৪০০ পরীক্ষার্থী অংশ নেয়। স্কুল চারটি হলো স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স।

পরীক্ষার হল পরিদর্শন শেষে সমবেত অভিভাবকদের উদ্দেশে এনএসইউ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শিক্ষার্থীকে আমরা স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি, যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এনএসইউতে যোগ দেবে তারা এনএসইউর উদার ও মানবিক পরিবেশ গ্রহণ করবে এবং তাদের জীবনে ও পেশাগত ক্ষেত্রে তা কাজে লাগাবে।’

এনএসইউ কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। অফিস অব অ্যাডমিশনের (আন্ডারগ্র্যাড) পরিচালক অধ্যাপক কেএমএ সালাম বলেন, ‘ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমরা আনন্দিত।’—বিজ্ঞপ্তি