মার্কিন ডলারের বিপরীতে রাশিয়ার মুদ্রা রুবলের বিনিময় হার কমে ১৬ মাসের সর্বনিম্নে। বর্তমানে ডলারের বিপরীতে রুবলের বিনিময় হার ১০০ ছাড়িয়েছে। ইউক্রেনে আক্রমণের পর সামরিক ব্যয় বৃদ্ধি ও রফতানির তুলনায় আমদানি খরচ বৃদ্ধির কারণে দেশটির অর্থনীতিতে চাপ পড়লে এ দরপতন শুরু হয়। খবর বিবিসি।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এতে যুদ্ধ শুরুর প্রথম দিকেই রুবলের বিনিময় হার পড়ে যায়। পরে মূলধন নিয়ন্ত্রণ এবং তেল-গ্যাস রফতানির মাধ্যমে তা কিছুটা শক্তিশালী করে দেশটি। যুদ্ধের পর থেকেই রুবলের বিনিময় হার ওঠানামা করছিল। তবে ইউক্রেনে আক্রমণের পর ডলারের বিপরীতে সামগ্রিকভাবে মুদ্রাটির বিনিময় মূল্য এক-চতুর্থাংশ কমে যায়।

সোমবার প্রতি ডলারের বিপরীতে রাশিয়ান মুদ্রা রুবলের বিনিময় হার ছিল ১০১ দশমিক শূন্য ৪। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ মুহূর্তে মূল সুদহার বাড়ানো সম্ভব। কিন্তু এটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কোনো প্রকার হুমকি নয়।