সম্প্রতি জাপানের সফটব্যাংক গ্রুপ বার্ষিক নিট লোকসানের তথ্য প্রকাশ করেছে। চলতি বছরের মার্চে সমাপ্ত অর্থবছরে বিনিয়োগ জায়ান্টটির নিট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার কোটি ইয়েনে (১ হাজার ৩১৭ কোটি ডলার)। অথচ গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি ইয়েন। খবর কিয়োদো নিউজ।

বৈশ্বিক টেক জায়ান্টগুলোয় বড় অংকের বিনিয়োগ রয়েছে সফটব্যাংকের। পাশাপাশি অস্থিতিশীল কিছু নতুন প্রকল্পেও বিনিয়োগ করে প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে সফটব্যাংকের আয় অনিশ্চিত হয়ে পড়ে। এছাড়া মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে আনতে সুদের হার বাড়িয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। এতে করে মার্কিন টেক জায়ান্টগুলোয় সফটব্যাংকের শেয়ারের ওপর প্রভাব পড়ে।

সফটব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বিনিয়োগ থেকে প্রতিষ্ঠানটির লোকসান ৩ লাখ ৪০ হাজার কোটি ইয়েন। অধিকাংশ তালিকাভুক্ত পোর্টফোলিও সংস্থাগুলোর শেয়ারমূল্য কমেছে। ফলে সংস্থাটির প্রযুক্তি শাখা ভিশন ফান্ড লোকসানের মুখে পড়েছে।

২০১৯-২০ অর্থবছরে সফটব্যাংকের নিট লোকসান ছিল ৯৬ হাজার ১৬০ কোটি ইয়েন। ওই সময় মূলত কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব হওয়ায় কঠিন সময় পার করেছিল সফটব্যাংক। তবে ২০২০-২১ অর্থবছরে সফটব্যাংকের ব্যবসা ঘুরে দাঁড়ায়। ওই বছর সর্বোচ্চ নিট মুনাফা অর্জন করে প্রতিষ্ঠানটি। টেক স্টকের দামের ঊর্ধ্বগতি দেখা যায়। সেই সূত্র ধরেই নিট লাভের মুখ দেখে সফটব্যাংক। তবে চীনে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় নতুন করে লকডাউন জারি করা হয়েছে দেশটিতে।