ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের শর্ত আরো কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে এমডি হতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোয় প্রথম শ্রেণীর বা সমমানের পদে কমপক্ষে ২৫ বছর এবং জাতীয় বেতন স্কেলের দ্বিতীয় গ্রেডে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ গতকাল এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে, যা দেশের সব ব্যাংকে পাঠানো হয়। এতে আরো বলা হয়েছে, এমডি হতে হলে প্রার্থীকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সমন্বিতভাবে বা পৃথকভাবে মোট তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এর আগের নিয়মে শুধু তাৎক্ষণিক পূর্ববর্তী পদে দুই বছরের অভিজ্ঞতা থাকার কথা উল্লেখ ছিল, যেখানে এএমডি বা ডিএমডি পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা বাধ্যতামূলক ছিল না। নতুন নির্দেশনায় স্পষ্টভাবে এএমডি ও ডিএমডি হিসেবে অভিজ্ঞতাকে অবশ্যপালনীয় করা হয়েছে, যা আগের তুলনায় কঠোর।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পরপরই ব্যাংকের এমডি পদে নিয়োগের জন্য ২০ বছরের অভিজ্ঞতার শর্ত চালু করা হয়েছিল। এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়ে ন্যূনতম অভিজ্ঞতার সীমা ছিল ১৫ বছর। নতুন নীতিমালায় সেটিকে আরো কঠোর করে ২৫ বছরে উন্নীত করা হলো।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক খাতে পেশাদার, দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করতেই নতুন এ বিধান প্রয়োগ করা হয়েছে, যা আরো সুশৃঙ্খল ও জবাবদিহি নিশ্চিতে সহায়তা করবে।










