চলতি বছরের মে মাসে সৌদি আরবের বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতির হার ২ দশমিক ২ শতাংশে নেমেছে। এপ্রিলে এ হার ছিল ২ দশমিক ৩ শতাংশ। সম্প্রতি জেনারেল অথরিটি অব স্ট্যাটিসটিকস এ তথ্য প্রকাশ করেছে।

পরিবহনসহ পোশাক ও বিভিন্ন পণ্যের দাম কমায় সৌদিতে ভোক্তা মূল্যস্ফীতির হার কমেছে বলে জানান বিশেষজ্ঞরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্যাটস্ট্যাট জানায়, মূল্যস্ফীতি কমার পেছনে প্রধান কারণ ছিল খাদ্য, পানীয় ও পরিবহনের। এছাড়া মূল্যসূচকে পানি, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানি খাতের দাম বৃদ্ধিকে দায়ী করা হচ্ছে। গত মাসে এসব খাতে দাম বাড়ার হার ছিল শূন্য দশমিক ৫ শতাংশ। অথচ এপ্রিলে এ হার ছিল দশমিক ২ শতাংশ। অন্যদিকে মে মাসে পরিবহন খাতে ব্যয় বেড়েছে ৪ দশমিক ১ শতাংশ। এপ্রিলে এ হার ছিল ৪ দশমিক ৬ শতাংশ।

এদিকে এপ্রিলের তুলনায় গত মাসে রেস্তোরাঁ ও হোটেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। মে মাসে সৌদির রেস্তোরাঁ ও হোটেলে দাম বৃদ্ধির হার ছিল ৪ দশমিক ১ শতাংশ। অথচ এপ্রিলে এ হার ছিল মাত্র ৩ দশমিক ২ শতাংশ।