পুঁজিবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বাড়তে দেখা গেছে। তবে এ বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে চিটাগং স্টক এক্সচেঞ্জকে (সিএসই) জানিয়েছে ওষুধ খাতের কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ৬ জুলাইয়ের পর থেকে ডিএসইতে টানা ঊর্ধ্বমুখী রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর। এদিন লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর ছিল ১১ টাকা ৮০ পয়সা। সর্বশেষ গতকাল লেনদেন শেষে এ দর দাঁড়িয়েছে ১৫ টাকা ৩০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ২৯ দশমিক ৬৬ শতাংশ। সাম্প্রতিক সময়ের মধ্যে গত বুধবার কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন মোট ৭৪ লাখ ৩৪ হাজার ৬০৬টি শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল কোম্পানিটির ৬৬ লাখ ৯৭ হাজার ৬৬৯টি শেয়ার লেনদেন হয়েছে।
সর্বশেষ ঋণমান অনুসারে, কোম্পানিটির এনটিটি রেটিং ‘বি ওয়ান’। ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য গুণগত তথ্যের ভিতিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।










