পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পাশাপাশি সভা থেকে সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২১ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৭ টাকা ৭১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ১১ টাকা ৩৮ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৩ টাকা ১২ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫২ টাকা ৬৪ পয়সায়।

৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৩১ টাকা ৩০ পয়সা। যেখানে আগের হিসাব বছরে লোকসান ছিল ১২৬ টাকা ৩৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ১৪৪ টাকা ৯৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১১৩ টাকা ৬৩ পয়সা।

এর আগে ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ২০১৮ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল তারা। ২০১৭ হিসাব বছরে ১২ শতাংশ স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি। তার আগের তিন হিসাব বছরে ৫ শতাংশ হারে স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২২১ কোটি ৮১ লাখ টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৩ হাজার ৪৩৬ কোটি ৫৬ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ২২ কোটি ১৮ লাখ ১০ হাজার ২৪৬। এর মধ্যে ৪১ দশমিক ৫৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া ২৩ দশমিক ৭৪ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৪ দশমিক ৭২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল ইন্টারন্যাশনাল লিজিং শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭ টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৫ টাকা ও ১১ টাকা ২০ পয়সা।