চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে (এপ্রিল-মে) ভারতের রত্ন ও গহনার রফতানি বেড়েছে ১০ দশমিক শূন্য ৮ শতাংশ। অর্থমূল্যে যা ৫১ হাজার ৫১ কোটি রুপিরও বেশি। খবর দ্য প্রিন্ট।
দ্য জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (জিজেইপিসি) জানিয়েছে, গত দুই মাসে রত্ন ও গহনা রফতানির পরিমাণ আগের বছরের একই সময়ের ৪৬ হাজার ৩৭৭ কোটি রুপির রফতানির তুলনায় বেশি।
২০২২ সালের মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রত্ন ও গহনার রফতানি মোট ১৯ দশমিক ৯০ শতাংশ বেড়ে ২৫ হাজার ৩৬৫ কোটি রুপি হয়েছে। দেশটির সরকারও চলতি অর্থবছরে ৩ লাখ ৫৬ হাজার কোটি রুপির রত্ন ও গহনা রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়ার সঙ্গে হওয়া নতুন বাণিজ্য চুক্তির ফলে যেসব প্রবৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে তার সর্বোচ্চটা নিতে চেষ্টা করছে এ খাত।
সেজন্য রফতানি লক্ষ্যমাত্রার ১৭ শতাংশ প্রবৃদ্ধি পরিচালনা করতে চাইছে তারা। উপরন্তু এক্সপোর্ট কাউন্সিল বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব প্রশমিত করতে এখন নতুন নতুন রফতানি বাজার খুঁজছে ভারত।










