পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। আজ সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভা থেকে সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সুপারিশ করা হয়। 

প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৫০ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫২ টাকা ১৮ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৭ টাকা ৫২ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২২৭ টাকা ৬৩ পয়সায়। 

এদিকে ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী বছরের ৪ ফেব্রুয়ারি বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহবান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ১১ ডিসেম্বর।  ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১৬০ শতাংশ লভ্যাংশ লভ্যাংশ দিয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টস। এর মধ্যে ১৪০ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ ছিল।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫২ টাকা ১৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৪৩ পয়সা। এর আগে ৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ডিএসইতে আজ শেয়ারটির সর্বশেষ ও সমাপনী দর ছিল ১ হাজার ৯৩০ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১ হাজার ৩৫১ টাকা ৩০ পয়সা ও ৩ হাজার ৭৮০ টাকা।