দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের বাজার নিম্নমুখী। এর মধ্যে গত সেপ্টেম্বরে সৌদি আরামকোর দুটি স্থাপনায় হামলার পর দাম কিছুটা বাড়লেও দ্রুত সেটি আবার নিম্নমুখী হওয়া শুরু করে। জ্বালানি তেলের বাজারে চলমান এ মন্দার মধ্যে আরো এক দফা কমল দাম। মার্কিন-চীন বাণিজ্য আলোচনায় অনিশ্চয়তা এবং জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের উত্তোলন আরো কমানোর আভাসে দাম পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ শুক্রবার আইসিইতে বেন্ট ক্রুডের দাম ৫৮ সেন্ট কমে প্রতি ব্যারেল ৬৩ ডলার ৩৯ সেন্টে গিয়ে দাঁড়ায়। যদিও দিনের শুরুতে এদিন দাম ৬৪ ডলার ২৭ সেন্টে ওঠে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৮১ সেন্ট কমে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৫৭ ডলার ৭৭ সেন্টে। যদিও এদিন শুরুতে দাম ৫৮ ডলার ৭৪ সেন্ট পর্যন্ত ওঠে।