সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা। সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে গতকাল রাজধানীর জিয়া উদ্যানে যান পরিচালনা পর্ষদের সদস্যরা। বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মেজর (অব.) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কবর জিয়ারতের সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি ভিদিয়া অমৃত খান ও মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, ফয়সাল সামাদ, নাফিস-উদ-দৌলা, মজুমদার আরিফুর রহমান, কাজী মিজানুর রহমান, রশিদ আহমেদ হোসাইনী ও সাকিফ আহমেদ সালাম।

এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সংবাদমাধ্যমকে বলেন, ‘খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী। দেশের পোশাক শিল্পের প্রসারে তার অবদান অনস্বীকার্য। রাষ্ট্রীয় শোকের এ সময়ে আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।’

বিজিএমইএর নেতারা খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মরহুমার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।