যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাস
উত্তোলন দিন দিন বেড়েই চলেছে। ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে জ্বালানি পণ্যটির
উত্তোলন বেড়েছে ৬০ শতাংশ। এর মধ্যে গত বছর পণ্যটির উত্তোলন বেড়ে এ-যাবৎ কালের সব
রেকর্ড ছাড়িয়ে গেছে। এতে দেশটির অভ্যন্তরীণ বাজারে সরবরাহ বেড়ে গ্যাসের দাম কমে
ইতিহাসের সর্বনিম্নে ঠেকেছে। এ অবস্থা থেকে দেশটির উত্তরণের পথ হতে পারে আগামী বছর
জ্বালানিটির উত্তোলন সীমিত করে আনা।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রে শেল গ্যাস (ভূগর্ভস্থ
শিলার মধ্যে আটকে থাকা গ্যাস)
উত্তোলন বাড়তে শুরু করে। হঠাৎ উত্তোলন বৃদ্ধির
জেরে এ সময় হেনরি হাবে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) গ্যাসের মাসিক গড় দাম ৩ ডলার ৩৯ সেন্টে নেমে আসে। অথচ
এর আগের দশকজুড়ে একই পরিমাণ গ্যাসের দাম ছিল গড়ে ৫ ডলার ৬৭ সেন্ট।
এর পর থেকে দেশটিতে প্রাকৃতিক গ্যাসের
উত্তোলন ক্রমেই বাড়ছে। আর এর সূত্র ধরে জ্বালানি পণ্যটির দাম আরো কমছে। এ
ধারাবাহিকতায় ২০১৪ সালে প্রতি এমএমবিটিইউ গ্যাসের দাম গড়ে ৩ ডলারে নেমে আসে।
গত বছর যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি
এমএমবিটিইউ প্রাকৃতিক গ্যাসের গড় দাম ছিল ৩ ডলার ২৭ সেন্ট। চলতি বছর এসে হেনরি
হাবে একই পরিমাণ গ্যাসের দাম কমে দাঁড়িয়েছে গড়ে ২ ডলার ৭১ সেন্ট। কারণ দেশটিতে
এবার জ্বালানিটির উত্তোলন ৮-১০ শতাংশ বেড়ে রেকর্ড ছুঁয়েছে। সূত্র: ফোর্বস
ও ইআইএ









