পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক সম্প্রতি (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০২৩ এর খসড়া প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে জনসাধারণের মতামত আহ্বানও করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সদস্যদের অংশগ্রহণে এ বিধিমালার উপর একটি আলোচনা ও মতবিনিময় সভা আয়োজন করা হয়। সেখানে এ বিধিমালার বিভিন্ন বিষয়ে উদ্বেগ জানিয়েছেন সংগঠনটির সদস্যরা।

সভায় এ বিধিমালায় বিভিন্ন দিক নিয়ে স্লাইড উপস্থাপনা প্রদান করেন ডিবিএর ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন। সভায় প্রায় ২০৯টি স্টক ব্রোকার প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত থেকে প্রস্তাবিত বিধিমালার ওপর তাদের বক্তব্য ও মতামত প্রদান করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাজিদুল ইসলাম এবং সভাপতিত্ব করেন ডিবিএর প্রেসিডেন্ট রিচার্ড ডি' রোজারিও।

ডিবিএর সদস্যরা সবাই বিএসইসির প্রস্তাবিত এ বিধিমালার অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়ের উপর তাদের উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে আরো আলোচনা ও মতবিনিময়ের প্রয়োজনের কথা উল্লেখ করে দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ আসন্ন জাতীয় নির্বাচন পরিস্থিতি বিবেচনায় নিয়ে উক্ত বিধিমালা প্রণয়নের কার্যক্রম আগামী ৩০ জুন ২০২৪ পর্যন্ত স্থগিত করতে বিএসইসির প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে তারা আরো বলেন, আসন্ন নির্বাচনের পূর্বে এ বিধিমালার প্রণয়ন পুঁজিবাজারসহ দেশের সার্বিক অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। তাই এখনই এর কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা  ডিবিএর প্রতি আহবান। ডিবিএর প্রতি তাদের সকল প্রকার সহযোগীতা প্রদানের আশ্বাস দেন তারা।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোনা ফাইন্যান্সিয়াল কন্সালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান, ডিএসই ও ডিবিএর সাবেক প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটু,  ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএর সাবেক প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ সাদেক, আলী সিকিউরিটিজ অ্যান্ড কোং-এর চেয়ারম্যান আলী আকবর, বুলবুল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ এস শাহুদুল হক বুলবুল, এসেঞ্জ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক লাইলুন নাহার ইকরাম, শাকিল রিজভী স্টক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, ডিএসই ও ডিবিএর সাবেক প্রেসিডেন্ট মো. শাকিল রিজভী, আইল্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, শান্তা ইনভেস্টমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খাঁন, লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের পরিচালক সাইফুল ইসলাম, ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক সায়েদুর রহমান, বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন, প্রুডেন্সিয়াল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আহমাদুল হক ববি প্রমুখ।