আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে স্বর্ণের দাম। ঊর্ধ্বমুখী ট্রেজারি ইল্ড দাম কমাতে সহায়তা করেছে। এদিকে চলতি সপ্তাহে প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের চাকরি ও মূল্যস্ফীতির সরকারি উপাত্ত ফেডারেল রিজার্ভ ব্যাংকে মুনাফার হার বাড়াতে উৎসাহিত করবে। ফলে মূল্যবান ধাতুটির দাম আরো কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।

তথ্য বলছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৮৫১ ডলার ৭০ সেন্টে। এছাড়া নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৮৫৩ ডলার ৯০ সেন্টে স্থির হয়েছে।

রয়টার্সের জরিপ বলছে, মাসওয়ারি মার্কিন ভোক্তা মূল্যসূচক বাড়ার সম্ভাবনা দেখছে হোয়াইট হাউজ। অর্থনীতিবিদরা মনে করছেন বার্ষিক মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৩ শতাংশে পৌঁছতে পারে।

সিটি ইনডেক্সের ঊর্ধ্বতন বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, আগামীকাল (শুক্রবার) প্রকাশিতব্য ভোক্তা মূল্যসূচকের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এর পরই টেকসই পদক্ষেপ নেয়া সম্ভব। তবে বুধবার স্বর্ণে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের (ইটিএফ) প্রবাহ ছিল এক মাসের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী, যা বাজারের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক।