লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার দাম কমেছে। উৎপাদন বৃদ্ধি ও শীর্ষ ব্যবহারকারী চীনে চাহিদা কমে যাওয়ায় পণ্যটির মজুদ বাড়ছে। চাহিদার তুলনায় সরবরাহ বাড়ার প্রত্যাশায় গতকাল নিম্নমুখী হয়েছে তামার বাজার। খবর বিজনেস রেকর্ডার।
এলএমইতে গতকাল তামার দাম আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য নেমেছে ৯ হাজার ৮৭৫ ডলার ৫০ সেন্টে।
এলএমইতে তামার সর্বশেষ মজুদের পরিমাণ ছিল ১ লাখ ৯৫ হাজার ৪৭৫ টন, যা ২০২১ সালের পর সর্বোচ্চ। এর মধ্যে দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের গুদামগুলোয় মজুদ সবচেয়ে বেশি বেড়েছে।
এ বিষয়ে এক ব্যবসায়ী বলেন, ‘বিশ্বের শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে তামার চাহিদা কম। এছাড়া চীনের সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য থেকেও দুর্বল চাহিদার প্রমাণ পাওয়া যায়।’
এছাড়া গত বুধবার এলএমইতে তিন মাসের নগদ সরবরাহ চুক্তিতে তামা ১৬১ ডলার ৪১ সেন্ট ছাড়ে বেচাকেনা হয়েছে। এটি ১৯৮২ সালের পর সবচেয়ে বড় ছাড়।
অন্যদিকে গতকাল সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) তামার দাম কিছুটা বেড়েছে। আগস্টে সরবরাহ চুক্তিতে গতকাল তামার দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেড়ে ৭৯ হাজার ৯২০ ইউয়ানে পৌঁছেছে।










