অনেকেই শখের বশে বিখ্যাত ব্যক্তিদের অটোগ্রাফ সংগ্রহ করেন। প্রযুক্তির কল্যাণে এ প্রবণতা আজকাল কিছুটা কমেছে। তবে এককালের শখ পরবর্তী সময়ে বড় অংকের বিকিকিনির উৎস হয়ে ওঠা নতুন কিছু নয়। এর ভালো উদাহরণ হলো অটোগ্রাফ। সম্প্রতি যুক্তরাজ্যের নিলামঘর ডসনস বিশ শতকের বিখ্যাত কয়েকজন ব্যক্তির অটোগ্রাফের একটি সংগ্রহ ৭৮ হাজার পাউন্ডেরও বেশি দামে বিক্রি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে চীনের কমিউনিস্ট নেতা মাও সে তুংয়ের সই করা একটি নোট। নিলামে এর দাম উঠেছে ২২ হাজার পাউন্ড। বিক্রি হওয়া অন্যান্য অটোগ্রাফে স্বাক্ষর করেছেন জ্যামাইকান মিউজিক আইকন বব মার্লে, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা ও দ্য বিটলস রক ব্যান্ডের চার সদস্য। দ্য ডোরস রক ব্যান্ডের প্রধান গায়ক জিম মরিসনের লেখা ও অটোগ্রাফ দেয়া কবিতার বই ‘দ্য লর্ডস অ্যান্ড দ্য নিউ ক্রিয়েচার্স’-এর প্রথম সংস্করণ ৬ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। একই দামে বিক্রি হয়েছে চীনের সাবেক নেতা দেং জিয়াওপিং স্বাক্ষরিত একটি কাগজ। ‘উইথ লাভ ফ্রম’ লিখে জন লেনন, পল ম্যাককার্টনি, জর্জ হ্যারিসন ও রিঙ্গো স্টারের অটোগ্রাফ দেয়া একটি কার্ড দাম পেয়েছে ৫ হাজার ৫০০ পাউন্ড। ইংল্যান্ডের বার্কশায়ারের মেইডেনহেডে ডসনস অকশন হাউজের কর্মকর্তা পিটার ম্যাসন এ সংগ্রহকে ‘অনন্য’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘অটোগ্রাফ নেয়া যে কতটা জীবনব্যাপী আবেগের বিষয় হতে পারে এ সংগ্রহ সেলফিময় আধুনিক যুগে তা মনে করিয়ে দিচ্ছে।’ অটোগ্রাফসহ এ স্মারকগুলো ছিল এক জার্মান সংগ্রাহকের মালিকানায়। তিনি আশির দশক অটোগ্রাফ বেচাকেনার সঙ্গে যুক্ত। এবারের নিলাম থেকে পাওয়া অর্থ জার্মানিতে দাতব্য কাজে ব্যবহার করা হবে বলে জানা গেছে। খবর বিবিসি ও ছবি ডসনস অকশন হাউজ
৭৮ হাজার পাউন্ড দাম পেল একগুচ্ছ অটোগ্রাফ
অনেকেই শখের বশে বিখ্যাত ব্যক্তিদের অটোগ্রাফ সংগ্রহ করেন। প্রযুক্তির কল্যাণে এ প্রবণতা আজকাল কিছুটা কমেছে।










