উচ্চশিক্ষার বিস্তার ও দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে স্টামফোর্ড ইউনিভার্সিটির ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ বিদ্যাপীঠ প্রজন্ম থেকে প্রজন্মকে উচ্চশিক্ষার মাধ্যমে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।

আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এক্সপো ভিলেজে আয়োজিত স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তন ২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ স্নাতকদের উদ্দেশ্যে বলেন, নিজের সামর্থ্য, দক্ষতা ও আত্মবিশ্বাসের ওপর আস্থা রাখতে হবে। পরিকল্পনা করে এগোতে হবে ও সুযোগ কাজে লাগাতে হবে। অধ্যবসায়, নিষ্ঠা ও কৌতূহল দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

সমাবর্তন ২০২৫ এ সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ফারাহনাজ ফিরোজ এবং ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. ইউনুছ মিয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে মূল্যবোধের সঙ্গে মিলিয়ে কাজে লাগাতে হবে। তিনি আরো বলেন, আজকের দিনটি শুধু শিক্ষা জীবনের সমাপ্তি নয়; এটি অধ্যবসায়, বুদ্ধিবৃত্তিক অন্বেষণ ও উৎকর্ষ অর্জনের নিরলস প্রচেষ্টার উজ্জ্বল স্বীকৃতি। এ সময় তিনি স্নাতকদের সততা, সহমর্মিতা ও উদ্ভাবনী চিন্তার চর্চা বজায় রাখার আহ্বান জানান।

সমাবর্তন ২০২৫ এ মোট ৫টি অনুষদ ও ১৪টি বিভাগ থেকে ১ হাজার ৪০৭ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি দেয়া হয়। সর্বোচ্চ সিজিপিএ অর্জনের জন্য পাঁচ অনুষদ থেকে ১০ জনকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং ৩০ জনকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেয়া হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও শিক্ষকরা, দেশের বুদ্ধিজীবী, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সদস্য, উপাচার্য ও উপ-উপাচার্যসহ আমন্ত্রিত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবর্তনের শেষ পর্বে ওয়ারফেজ, বেঙ্গল সিম্ফনি ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের মনোজ্ঞ সংগীত পরিবেশনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

— বিজ্ঞপ্তি