যুক্তরাষ্ট্রের বাজার থেকে ৩ লাখ ৬২ হাজারেরও বেশি স্বচালিত গাড়ি প্রত্যাহার করবে টেসলা ইনকরপোরেশন। গাড়িগুলোর ফুল সেলফ-ড্রাইভিং (এফএসডি) বেটা সফটওয়্যার হালনাগাদ করা হবে। দ্য ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের (এনএইচটিএসএ) অভিযোগের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। ২০২১ সাল থেকে টেসলা গাড়ির ওপর তদন্ত চালাচ্ছে এনএইচটিএসএ। এর মধ্যে গাড়িগুলোর অটোপাইলট সিস্টেমে ত্রুটি চিহ্নিত করেছে তদন্ত কমিটি। তারা জানান, টেসলার ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ট্রাফিক নিরাপত্তা আইন যথাযথ মেনে চলতে ব্যর্থ। অনেক সময় গাড়ি নির্দিষ্ট গতিসীমা অতিক্রম করে। কখনো বেআইনিভাবে দুটি রাস্তার সংযোগস্থল অতিক্রম করে। এতে দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা। জরুরি পার্কিংয়ে থাকা গাড়ির সঙ্গে টেসলা গাড়ির সংঘর্ষের কিছু ঘটনা ঘটেছে। এর আগেও টেসলা গাড়ি নিয়ে এমন অভিযোগ তুলেছে এনএইচটিএসএ। গাড়িগুলোর অন্যান্য নিরাপত্তাসংক্রান্ত বিষয় নিয়েও তদন্ত করছে এ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। খবর রয়টার্স।
প্রত্যাহার করে নেয়া গাড়িগুলো হলো ২০১৬-২০২৩ মডেল এস ও এক্স, ২০১৭-২০২৩ মডেল থ্রি এবং ২০২০-২০২৩ মডেল ওয়াই। প্রতিটি মডেল এফএসডি বেটা সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত।
টেসলার চালকবিহীন গাড়ি নিয়ে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির দুই সিনেটর এড মার্কি ও রিচার্ড ব্লুমেনথাল। তাদের মতে, প্রত্যাহারের এ সিদ্ধান্ত আরো আগেই নেয়া উচিত ছিল। তারা বলেন, ‘টেসলার উচিত নিজেদের গাড়ির অতি মূল্যায়ন বন্ধ করা।’
টেসলার ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেমের এটি স্পষ্ট ব্যর্থতা। স্বয়ংক্রিয় চালনায় প্রয়োজনীয় সক্ষমতা অর্জনে প্রধান নির্বাহী ইলোন মাস্ক বারবার ব্যর্থ হচ্ছেন। এ বিষয়ে টেসলার মন্তব্য জানা যায়নি। তবে বৃহস্পতিবার এ প্রসঙ্গে টুইট করেছেন মাস্ক। তিনি জানান, সফটওয়্যার হালনাগাদকে প্রত্যাহার বলা অসংগতিপূর্ণ ও ভুল।
টেসলায় মাস্কের অনেক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্যোগের একটি ফুল সেলফ-ড্রাইভিং। গত বছর মে মাসে টেসলা ওনার্স ক্লাবের সদস্যদের সঙ্গে এক সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন মাস্ক। সেখানে তিনি এফএসডিকে ‘প্রয়োজনীয়’ বলে দাবি করেন।
টেসলার প্রতিবেদন অনুসারে, ২০২২ সালে মোট ২৯০ কোটি ডলার অগ্রিম আয় করেছে প্রতিষ্ঠানটি। ক্রেতাদের কাছে তাদের প্রতিশ্রুত সুবিধার অন্যতম ছিল এফএসডি। চতুর্থ প্রান্তিকে যুক্তরাষ্ট্র ও কানাডায় মোট চার লাখ গ্রাহক এফএসডি বেটা সফটওয়্যার সুবিধা নিয়েছে। এতে টেসলার মোট আয় হয়েছে ৩২ দশমিক ৪ কোটি ডলার।










