পাকিস্তান বিশ্বের নবম শীর্ষ চিনি উৎপাদনকারী দেশ। করোনা মহামারীর মধ্যে সম্প্রতি দেশটিতে খাদ্যপণ্যটির লাগামহীন মূল্যবৃদ্ধি ঘটেছিল। তবে কার্যকর সরকারি উদ্যোগের জের ধরে অল্প সময়ের মধ্যে চিনির এমন মূল্যবৃদ্ধির লাগাম টানতে সফল হয়েছে পাকিস্তান সরকার। এ কারণে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। খবর ডন ও পাকিস্তান টুডে।

বর্তমানে পাকিস্তানের বাজারে প্রতি কেজি চিনি গড়ে ৮১ রুপিতে বিক্রি হচ্ছে। তবে এক মাস আগেও খাদ্যপণ্যটির দাম কেজিপ্রতি ১০২ রুপিতে উঠেছিল। অর্থাৎ, এক মাসের ব্যবধানে দেশটিতে চিনির দাম কেজিতে ২১ রুপি কমে এসেছে।

চিনির এমন মূল্যবৃদ্ধির পেছনে অসাধু ব্যবসায়ীদের দায়ী করে জরুরি ভিত্তিতে আমদানির উদ্যোগ নেয় পাকিস্তান সরকার। বাজারে জোরদার করা হয় মনিটরিং। এর জের ধরে সরবরাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশটিতে চিনির দাম কমে এসেছে। এ পরিস্থিতিতে অল্প সময়ের মধ্যে চিনির দাম কমিয়ে আনতে পারায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন ইমরান খান।