অনুকূল আবহাওয়ার কারণে মেক্সিকোয় গমের আবাদ ও ফলন ভালো হয়েছে। ফলে ২০২১-২২ মৌসুমে দেশটিতে ৩২ লাখ ৭৫ হাজার টন গম উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী, চলতি মৌসুমে মেক্সিকো ৮ লাখ ৫০ হাজার টন গম রফতানি করতে সক্ষম হবে। মৌসুম শেষে কৃষিপণ্যটির মজুদ দাঁড়াবে ৩ লাখ ৮৭ হাজার টনে।
ইউএসডিএ জানায়, গম উৎপাদন বাড়লেও ভুট্টা উৎপাদন কমার আশঙ্কা রয়েছে। মৌসুম শেষে উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ২ কোটি ৭১ লাখ ২০ হাজার টনে। সে হিসাবে গত মৌসুমের তুলনায় উৎপাদন কমবে ৩ শতাংশ। আবাদের পরিমাণ কমায় উৎপাদন কমবে বলে জানান বিশ্লেষকরা। এদিকে স্থানীয় উৎপাদন কমলে রফতানিও নিম্নমুখী হয়ে উঠবে। মৌসুম শেষে ভুট্টা রফতানির পরিমাণ দাঁড়াতে পারে পাঁচ লাখ টনে।
এদিকে শরঘাম (এক ধরনের শস্য) উৎপাদন বাড়ার পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ। মূলত প্রত্যাশার চেয়েও বেশি আবাদ হওয়ায় শস্যটির উৎপাদন বাড়বে। প্রাক্কলন অনুযায়ী, ২০২১-২২ মৌসুমে ৪৯ লাখ টন শরঘাম উৎপাদনের সম্ভাবনা রয়েছে।










